দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নগদ ৪ লাখ টাকা ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ এক কুখ্যাত চোরকে আটক করেছে পুলিশ।
বোচাগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আখাপুর গ্রাম থেকে একাধিক মামলার আসামি মো. আব্দুল বারেক (৫৫), পিতা—মৃত শরীফ উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, সেতাবগঞ্জে অবস্থিত নেসকো বিদ্যুৎ অফিসে সংঘটিত চুরির ঘটনায় দায়েরকৃত মামলা (মামলা নং–০৬) এর ১ নম্বর আসামি ছিলেন মো. আব্দুল বারেক। তাকে গ্রেপ্তারের জন্য দীর্ঘদিন ধরে খোঁজ চলছিল।
বোচাগঞ্জ থানার এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি পুলিশ টিম অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল ও বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়।
আটককালে তার কাছ থেকে—
নগদ ৪ লাখ টাকা
চুরির কাজে ব্যবহৃত ১টি হাসুয়া
৭টি লোহার রড
১টি লোহার হাতলসহ রড
১টি তালা কাটার লোহার কাঁচি
তালা কাটার কাঁচির ২য় অংশ
১টি ফ্রেমযুক্ত হ্যাকসো ব্লেড
১টি কালো রঙের ফুল প্যান্ট
১টি মানকি টুপি
উদ্ধার করা হয়।
এ ঘটনায় বোচাগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং–০২, ধারা ১৯(এ)/১৮৭৮)। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে তাকে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, আটককৃত আব্দুল বারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৯টি মামলা রয়েছে।




