এইস এফ আর
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামি-র এক নেতার বাসভবনে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। নির্বাচনের মাত্র দুদিন পর এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
অভিযোগ অনুযায়ী, দিনাজপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জুয়েল রানার বাসায় শনিবার রাতে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর দিনাজপুর সদর উপজেলা আমীর মেহরাব আলী ও উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল্লাহ সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা দাবি করেন, জুয়েল রানা দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন এবং বিগত সময়গুলোতে বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার মুখেও সংগঠনের কর্মকাণ্ড চালিয়ে গেছেন।
নেতৃবৃন্দের বক্তব্যে বলা হয়, অতীতের রাজনৈতিক অস্থিরতার সময়েও জুয়েল রানা একাধিকবার কারাবরণ করেছেন এবং দীর্ঘ সময় নিজ বাসায় অবস্থান করতে পারেননি। এছাড়া বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করা হয়।
জুয়েল রানা জানান, ঘটনার রাতে তার বাসার সামনে স্থানীয় এক যুবদল নেতা পিকনিকের আয়োজন করেছিলেন। সেখানে উচ্চস্বরে গান-বাজনা ও বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হচ্ছিল বলে তিনি অভিযোগ করেন। তবে কে বা কারা তার বাড়িতে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।




