বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)–এর অধীন পরমেশ্বরপুর বিওপি’র একটি টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ৩৩২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানকালে ১০২টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন আব্দুল মান্নান (৩৮) ও কার্তিক চন্দ্র রায় (৩০)। তাঁদের বাড়ি বোচাগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর এলাকায়।
আটকদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১ লাখ ১০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের জব্দকৃত আলামতসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।




