নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
দিনাজপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, নির্বাচন কমিশনের অনুমোদন থাকা সত্ত্বেও নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত বিলবোর্ড স্থাপন করেছেন তিনি।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, দিনাজপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর জন্য সর্বোচ্চ ২২টি বিলবোর্ড স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, প্রতিটি ভোটকেন্দ্রের সামনে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এই আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৩০টি, যা অনুমোদিত সংখ্যার তুলনায় অনেক বেশি।
আরও গুরুতর অভিযোগ হলো—নির্বাচনী প্রচারণা বন্ধ হওয়ার পরও এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে, যা সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় ভোটার ও রাজনৈতিক মহলের একাংশের দাবি, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এবং সমান সুযোগের নীতির পরিপন্থী। তারা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রার্থীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




