
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে এক বাক-প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার, পিএসসি’র সহকারী পরিচালক (মিডিয়া) রিশাত কুমার গোস্বামী।
র্যাব জানায়, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একটি গ্রামে ওই বাক-প্রতিবন্ধী নারী প্রতিদিন তার নানীর বাড়ি থেকে দুধ নিয়ে নিজ বাড়িতে ফিরতেন। প্রতিদিনের মতো গত ১৬ ডিসেম্বর দুধ আনতে নানীর বাড়িতে গেলে সেখানে নানী উপস্থিত না থাকায় গ্রেফতারকৃত মোস্তাক (৩২) পালিহিন মোড়ানো একটি চৌকিতে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।
ঘটনার পর দ্বিতীয় আসামি মনিরুর রহমান (৪৫)-এর সহযোগিতায় মোস্তাক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে ১৭ ডিসেম্বর নবাবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
র্যাব-১৩ (দিনাজপুর) ও র্যাব-১১ (নারায়ণগঞ্জ) বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে আত্মগোপনে থাকা প্রধান আসামি মোস্তাককে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গাবরপুর তালতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অপর আসামি মনিরুর রহমানকে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নরনগর বৈদ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজনই ওই এলাকার জামাই বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ধর্ষণ, অপহরণ ও হত্যাসহ সকল প্রকার অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।




